গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতিস্বরূপ শিক্ষক ও শিক্ষার্থীসহ ২৭ জনকে গবেষণা প্রণোদনা দিয়েছে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির নিউজলেটারের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.) এবং আরপিসির পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রকাশিত গবেষণাপত্রের জন্য ২৭ জন শিক্ষক-শিক্ষার্থীকে প্রণোদনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ তৈরি, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণাপত্র প্রকাশে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও নতুন জ্ঞান সৃষ্টিতে গবেষণার বিকল্প নেই। গবেষণাপত্র প্রকাশে আর্থিক প্রণোদনা ও স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও গবেষণাগত সক্ষমতা আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, বিভিন্ন আয়োজন ও উল্লেখযোগ্য অর্জন তুলে ধরে প্রকাশিত নিউজলেটারের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও সাফল্য নথিবদ্ধ করার পাশাপাশি সংশ্লিষ্টদের কাছে প্রাতিষ্ঠানিক তথ্য তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
গবেষণা প্রণোদনা প্রদান ও নিউজলেটার প্রকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং প্রাতিষ্ঠানিক প্রকাশনা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









