পলো হাতে সারি বেঁধে বিলে নামছেন শত শত মানুষ। কারও চোখ মাছের দিকে, কেউ আবার পলো দিয়ে পানিতে খোঁজ করছেন শিকারের। মাছ ধরতে পারলে কারও মুখে হাসি, আবার কারও পলো ফিরছে খালি হাতে। চারদিকে উৎসুক মানুষের ভিড়। এমন দৃশ্যের দেখা মিলল গাইবান্ধা পৌর শহরের আদর্শপাড়ার হলদিয়ার বিলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দেড় হাজার বৈতাল পলো নিয়ে বিলে জড়ো হন। পরে একযোগে কোমরপানিতে নেমে প্রায় তিন ঘণ্টা ধরে চলে মাছ ধরার উৎসব।
স্থানীয় শামীম রেজা বলেন, নির্ধারিত সময়ে বিভিন্ন এলাকা থেকে বৈতালরা পলো নিয়ে হলদিয়ার বিলে আসেন। এরপর সবাই একসঙ্গে মাছ ধরতে নামেন। এ সময় রুই, গ্লাস কার্প, শোল ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।
পলো দিয়ে মাছ ধরার এ আয়োজন ঘিরে বিলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাছ ধরা দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। কেউ মাছ ধরায় ব্যস্ত, কেউ আবার অন্যের পলোতে মাছ আটকে যাওয়ার দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। সব মিলিয়ে বিলে তৈরি হয় আনন্দমুখর এক মিলনমেলা।
পলো দিয়ে মাছ ধরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি পদ্ধতি। একসময় বর্ষা শেষে বিল, জলাশয় ও নিচু জমিতে পানি কমে এলে দল বেঁধে মাছ ধরতে নামতেন গ্রামের মানুষ। হাতে থাকত বাঁশের তৈরি পলো। মাছ ধরার পাশাপাশি এ আয়োজন হয়ে উঠত মানুষের মিলন ও আনন্দের উপলক্ষ।
আধুনিকতার প্রভাবে গ্রামবাংলার অনেক ঐতিহ্যের মতো পলো দিয়ে মাছ ধরার আয়োজনও অনেক জায়গায় কমে এসেছে। এমন সময়ে হলদিয়ার বিলে দেড় হাজার বৈতালের অংশগ্রহণ ঐতিহ্যটির প্রতি মানুষের টানকেই তুলে ধরে। মাছ ধরার আনন্দের পাশাপাশি এ আয়োজন মানুষের মধ্যে সামাজিক বন্ধন ও সম্প্রীতিরও সুযোগ তৈরি করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









