বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের এই দলে নেই ওয়ানডে অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ।
বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের অধিনায়ক শাই হোপকে। অন্যদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে জোসেফকে দল থেকে প্রত্যাহার করা হয়েছে। লাল বলের ক্রিকেটে শারীরিক চাপ বেড়ে যাওয়ায় চোটের ঝুঁকি এড়াতে তার কাজের চাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জোসেফের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছিলেন, জোসেফ টেস্টে খেলতে ‘অস্বীকৃতি জানিয়েছেন’। তবে একটি ক্রীড়া অনুষ্ঠানে জোসেফ স্যামির ওই মন্তব্যকে ‘বিতর্কিত’ এবং ‘প্রেক্ষাপটবিহীন’ বলে পাল্টা জবাব দিয়েছিলেন।
টেস্ট সিরিজে জোসেফের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার কিমো পলকে।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে রয়েছেন কেমার রোচ, জেইডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন কিমো পল ও জাস্টিন গ্রিভস।
স্পিন বিভাগে বিশেষজ্ঞ বোলার হিসেবে রয়েছেন জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ। অলরাউন্ডার কাভেম হজ ও অধিনায়ক রোস্টন চেজও স্পিন আক্রমণে অবদান রাখবেন।
ঘরোয়া চার দিনের প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে তিনটি সেঞ্চুরি করে জাতীয় দলে ডাক পেয়েছেন উইকহ্যাম।বার্বাডোজের হয়ে তিনি যথাক্রমে ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রান করেন। সব মিলিয়ে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৮৮ গড়ে ছয়টি সেঞ্চুরি রয়েছে উইকহ্যামের।
চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের এটিই শেষ সিরিজ। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে দলটি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।
ওয়েস্ট ইন্ডিজ দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









