শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়গনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের সাতটি দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—বিল্লাল খানের মিষ্টির দোকান, জহির মাদবরের ফলের দোকান, জাবেদ খানের খান ফার্মেসি, সাইদুল মাদবরের মুদি দোকান, মো. আরিয়ানের মোবাইলের দোকান, মো. রবিউলের সেলুন এবং সুজনের মুদি দোকান। আগুনে এসব দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাফর শেখ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি জানান, প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে আগুনের কবল থেকে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









