একঘেয়ে রান্নার বাইরে নতুন স্বাদের কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন আরবি গোশত। খাসির মাংস ও আরবি বা কচুর মূল দিয়ে তৈরি এই পদে রয়েছে মাংসের স্বাদ ও মসলার সুবাস। দুপুরের খাবার কিংবা বিশেষ আয়োজনের মেনুতে রাখতে পারেন এটি। ভাত বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করলে খাবারের স্বাদ আরও বাড়বে।
উপকরণ
খাসির মাংস ৫০০ গ্রাম
আরবি বা কচুর মূল ৬টি
মাঝারি আকারের পেঁয়াজ ২টি
টমেটো ২টি
কাঁচামরিচ ৩টি
আদাবাটা ১ চা চামচ
রসুনবাটা ১ চা চামচ
ধনেগুঁড়া ১ চা চামচ
মরিচের গুঁড়া ১ চা চামচ
হলুদগুঁড়া আধা চা চামচ
দারুচিনি ২ টুকরা
তেল আধা কাপ
লবণ ও পানি পরিমাণমতো
ধনেপাতা সাজানোর জন্য
যেভাবে তৈরি করবেন
প্রথম ধাপ: আরবি বা কচুর মূল ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে টুকরাগুলো সোনালি করে ভেজে তুলে রাখুন।
দ্বিতীয় ধাপ: অন্য একটি পাত্রে তেল গরম করে দারুচিনি ও কুচি করা পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
তৃতীয় ধাপ: এবার টমেটো, আদাবাটা, রসুনবাটা ও কাঁচামরিচ দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন। এরপর খাসির মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন।
চতুর্থ ধাপ: মাংসে ধনেগুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ ও লবণ দিন। সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে অল্প আঁচে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
পঞ্চম ধাপ: মাংস সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা আরবির টুকরাগুলো দিয়ে দিন। আলতো করে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করুন, যাতে আরবি মসলা ও মাংসের স্বাদ ভালোভাবে শুষে নেয়।
রান্না হয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আরবি গোশত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









