পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের চরম সংকটে থাকা অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পরিবারের একাধিক সদস্যের গুরুতর অসুস্থতা, চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তিনি শুক্রবার (১৬ অক্টোবর) তাদের খোঁজখবর নেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ সময় তাঁর পক্ষ থেকে পরিবারটিকে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ভবিষ্যতে তাদের জীবিকা নির্বাহের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার জোরালো আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার ও তাঁর স্ত্রী ফুলচান বেগম (৬০) দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা বেগম (৩২) দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। অন্যদিকে, ছোট ছেলে সবুজ (১৮) নানা শারীরিক জটিলতায় আক্রান্ত। পরিবারের একাধিক সদস্য একসঙ্গে গুরুতর অসুস্থ হওয়ায় ওষুধপত্র কেনা, খাবার জোগাড় করা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহন করা বৃদ্ধ দম্পতির জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
দরিদ্র এই পরিবারের সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। নিজের সীমিত আয়ে বৃদ্ধ বাবা-মা ও অসুস্থ ভাইবোনদের চিকিৎসা এবং সংসার খরচের ব্যয়ভার বহন করা তার পক্ষেও কঠিন হয়ে পড়েছিল। ফলে অনাহার-অর্ধাহারে দিন কাটছিল এই পরিবারটির।
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারটিকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং সার্বিক কল্যাণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা, চিকিৎসার প্রয়োজনীয়তা ও সার্বিক সংকট সম্পর্কে খোঁজখবর নেন। তারা অসহায় পরিবারটির দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয়রা মনে করছেন, তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি এই পরিবারের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









