খ্যাতনামা সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে ফিফটি প্লাস ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
আমির খসরু ১০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সংবাদ, দৈনিক খবর ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাপ্তাহিক ‘আজকের বুধবার’ সম্পাদনার পাশাপাশি জাতীয় দৈনিকে কলাম লিখতেন তিনি। আমির খসরু ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন (ওকাব)-এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যও ছিলেন।
শোকসভায় বক্তারা তার সাংবাদিকতা ও পেশাগত অবদানের স্মৃতিচারণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









