স্প্যানিশ ফুটবলের দুই ক্ষমতাধর পক্ষের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের ‘অবিলম্বে পদত্যাগ’ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, তেবাসের ধারাবাহিক আক্রমণাত্মক বক্তব্য স্প্যানিশ ফুটবলের জন্য ক্ষতিকর এবং তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের সঙ্গে নিরপেক্ষতা ও মর্যাদার নীতির সাংঘর্ষিক।
শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তেবাসের আচরণ ইউরোপের যেকোনো ক্রীড়া প্রতিষ্ঠানের জন্যই অগ্রহণযোগ্য। ক্লাবটির মতে, এমন আচরণ তাকে লা লিগার সভাপতি এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বে থাকার উপযুক্ততা থেকে বঞ্চিত করেছে।
বিতর্কের সূত্র তেবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বক্তব্য। সেখানে তিনি অভিযোগ করেন, রিয়াল মাদ্রিদের নেতৃত্ব একটি ‘বক্তব্য প্রচারের যন্ত্র’ পরিচালনা করছে, যার নেতৃত্বে রয়েছে ক্লাবটির নিজস্ব টেলিভিশন চ্যানেল। তার দাবি, পছন্দসই ঘটনাগুলো বেছে নেওয়া, একই অভিযোগ বারবার সামনে আনা, সন্দেহ উসকে দেওয়া এবং প্রতিপক্ষকে চিহ্নিত করার কৌশল নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী ইয়োজেফ গোয়েবলসের ব্যবহৃত প্রচারপদ্ধতির কথা মনে করিয়ে দেয়।
তেবাস অবশ্য স্পষ্ট করেছেন, তার তুলনা ছিল প্রচারের কৌশল নিয়ে, কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে নয়; রিয়াল মাদ্রিদের সমর্থকদেরও তিনি এর আওতার বাইরে রেখেছেন।
রিয়াল মাদ্রিদের পাল্টা বিবৃতির পর তেবাস সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ১৩ বছরে ক্লাবটির কর্মকর্তারা কতবার তার পদত্যাগ দাবি করেছেন বা তাকে অযোগ্য প্রমাণের চেষ্টা করেছেন, তা তিনি হিসাব করাও ছেড়ে দিয়েছেন। পাশাপাশি বার্সেলোনার সাবেক রেফারি কমিটির কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে ঘিরে বিতর্কেও লা লিগার নিষ্ক্রিয়তার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তার বক্তব্য, বিষয়টি জানার পরই সংস্থাটি পদক্ষেপ নিয়েছিল।
এক মাসেরও কম সময়ের মধ্যে তেবাসকে ঘিরে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় বিবৃতি। গত ২২ সেপ্টেম্বর মাদ্রিদ ডার্বিতে নেগ্রেইরা-সংক্রান্ত রেফারিং বিতর্ক নিয়ে তেবাস ক্লাবটিকে ‘চোখের ঠুলি খুলতে’ বলেছিলেন। তখন ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন রিয়াল তাঁকে ক্লাবটির প্রতি ‘আসক্ত’ বলে অভিযোগ করে এবং লা লিগার জন্য নতুন নেতৃত্বের দাবি জানায়।
এই বিরোধ এখন আর কেবল ব্যক্তিগত বাক্বিতণ্ডায় সীমাবদ্ধ নেই। লিগ পরিচালনায় নিরপেক্ষতা, ক্লাবের প্রভাব এবং কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা—সবই আলোচনায় এসেছে। তবে তেবাসের পদত্যাগের দাবি শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবলের নেতৃত্বে পরিবর্তন আনবে কি না, তা এখনো অনিশ্চিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









