নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁয় দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়াও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লী পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮টায় তিনি প্রথমে তার প্রতিনিধি দল নিয়ে ঐতিহাসিক পানাম নগীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সোনারগাঁয়ের নকশিকাথা শিল্পী হোসনেয়ার নকশিকাথা, বেত ও বাঁশ শিল্পী পরেশ চন্দ্র দাস কারুপণ্য, দারুশিল্পী আশুতোষ কর্মকারের এক কাঠের ঘোড়া শিল্প পর্যবেক্ষণ করে ভূয়সী প্রশংসা করেন।
মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন, তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্নিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মার্কিন এম্বাসির ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী প্রমুখ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানি পল্লী ঘুরে জামদানি শিল্পীতের হাতের বুনতে তৈরি জামদানী শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সময় স্বল্পতার কারণে বড় সরদার বাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। পরবর্তীতে আবারও এখানে আসবেন বলে জানিয়েছেন।’
পানাম নগরীর সহকারী কাস্টুডিয়ান তানজিলুর রহমান বলেন, ‘অল্প সময় মার্কিন রাষ্ট্রদূত পানাম নগরীতে অবস্থান করেন। তিনি তার পরিবার নিয়ে পানাম নগরী ঘুরতে এসেছেন। বলা যায়, এটা একটা পারিবারিক সফর। তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে পানাম নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছনতা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









