ফেসবুকে কোন ধরনের পোস্ট ব্যবহারকারীর ফিডে দেখানো হবে, তা নির্ধারণে আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার ‘ইয়োর অ্যালগরিদম’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
এ ফিচার চালুর ঘোষণা দেয় মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ ও আগ্রহের কথা স্বাভাবিক ভাষায় লিখে জানাতে পারবেন। সেই অনুযায়ী ফেসবুকের ফিড ও রিলসে কোন ধরনের বিষয়বস্তু বেশি বা কম দেখতে চান, তা নির্ধারণে প্রভাব রাখতে পারবেন তারা।
এত দিন মূলত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কনটেন্ট সুপারিশ করা হতো। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নিজেদের পছন্দ জানাতে পারবেন। মেটার ভাষ্য, ব্যবহারকারীদের কাছে আরও প্রাসঙ্গিক বিষয়বস্তু পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন ফিচারে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ পরিবর্তন করতে পারবেন। সেই পরিবর্তনের ভিত্তিতে কনটেন্ট সুপারিশব্যবস্থাও তাৎক্ষণিকভাবে হালনাগাদ হবে।
এ ছাড়া ফেসবুকের পোস্টের পাশে থাকা তিন ডটের মেনুতেও পরিবর্তন এনেছে মেটা। সেখান থেকে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশনে যাওয়া যাবে। পাশাপাশি ‘আগ্রহী’ ও ‘আগ্রহী নই’ নির্বাচন করে কোনো পোস্ট পছন্দ হয়েছে কি না, তা জানাতে পারবেন ব্যবহারকারীরা।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের পছন্দ আরও ভালোভাবে বুঝতে ফিচারটি প্রয়োজনে অতিরিক্ত প্রশ্ন করতে পারে। এর মাধ্যমে কোনো বিষয়বস্তু কেন ভালো লেগেছে বা অপছন্দ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত মতামত দেওয়ার সুযোগ থাকবে। এসব প্রতিক্রিয়ার ভিত্তিতে ফেসবুকের কনটেন্ট সুপারিশব্যবস্থা আরও পরিমার্জিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের নিজেদের অভিজ্ঞতার ওপর নিয়ন্ত্রণ দেওয়ার প্রচেষ্টাও জোরদার করছে মেটা। স্বয়ংক্রিয় সুপারিশের পাশাপাশি ব্যবহারকারীর সরাসরি পছন্দকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে নতুন ফিচারটি প্রতিষ্ঠানটির সেই উদ্যোগের অংশ।
এর আগে ইনস্টাগ্রামেও ‘ইয়োর অ্যালগরিদম’ ফিচার চালু করা হয়। পাশাপাশি মেটার আরেক প্ল্যাটফর্ম থ্রেডসে ‘ডিয়ার অ্যালগো’ নামের একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা কী ধরনের বিষয়বস্তু দেখতে চান, সে বিষয়ে প্রভাব রাখতে পারেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









