বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, একদিনের ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় আনা হয়েছে। নতুন এই কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’।
এই টুর্নামেন্টের প্রথম পর্ব হিসেবে মাঠে গড়াবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে খেলা। এর আগে ২৬ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।
নতুন এই টুর্নামেন্টের নিলামে থাকছে ভিন্নতা। সাধারণত ক্রিকেটারদের দলে নিতে অর্থের ভিত্তিতে দর হাঁকানো হয়। তবে ‘ডমেস্টিক থ্রি’তে টাকার বদলে পয়েন্টের মাধ্যমে ক্রিকেটার বাছাই করবে দলগুলো।
নিলামের মূল আকর্ষণ হবে বাকি ২২ ক্রিকেটারকে দলে নেওয়ার প্রতিযোগিতা। প্রতিটি দলকে ২৩ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হবে। আইকন ক্রিকেটারদের আগেই দলে নেওয়া হয়েছে। ফলে বাকি ২২ জনকে বেছে নিতে নিলামে অংশ নেবে দলগুলো।
টুর্নামেন্টের কোচ ও কোচিং স্টাফও চূড়ান্ত করা হয়েছে। নতুন এই কাঠামোর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের তিন ফরম্যাটকে একই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিসিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









