পাবনার চাটমোহরে সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল মেম্বারের বাড়িতে পঞ্চমবারের মতো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মথুরাপুর পূর্বপাড়া বাজারসংলগ্ন বাড়ির একটি ঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় পাশের কক্ষে ঘুমিয়ে থাকা তার প্রথম স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে পাপিয়া সুলতানা আঁখি ও নাতনি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এর আগেও ওই বাড়িতে চারবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য, আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুম ভেঙে যায় রেহেনা খাতুন ও তার মেয়ের। তারা ঘর থেকে বেরিয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাবেক ইউপি সদস্য মুক্তার মেম্বার বলেন, জমিজমা নিয়ে একাধিকবার সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি। পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা।
সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, ঘরের ভেতরে থাকা ব্যক্তিদের প্রাণহানিও ঘটতে পারত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
একই বাড়িতে বারবার অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









