শ্বাসকষ্টজনিত সমস্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে মোটরসাইকেল চালানোর পর ঠান্ডা লাগায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। মঙ্গলবার অসুস্থতা বাড়লে সহপাঠী ও বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।
তরিকুলের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি মেসে থাকতেন। তার অকালমৃত্যুতে বিভাগ ও ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা বলেন, তরিকুলের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। তার মৃত্যুর খবর পেয়ে বিভাগের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









