ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক কথিত দালালসহ চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নায়েবে সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে মাঠে অবস্থানরত পাঁচজনকে আটক করে। তাদের মধ্যে কথিত দালাল আল-আমিন খান (২৩) মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের রবিউল খার ছেলে। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক চার নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর আল-আমিনের বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









