চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও তালা কাটার যন্ত্রসহ মতিউর রহমান মতি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ৪টার দিকে বারঘোরিয়া-যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
মতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









