রাজশাহীতে বিএনপির জনসভায় প্ল্যাকার্ড প্রদর্শন করে রাসায়নিক সারের সংকট সমাধানের দাবি জানিয়েছেন কয়েকজন নেতাকর্মী ও সমর্থক।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির মধ্যে কয়েকজনকে সারের সংকট নিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘রাসায়নিক সার সংকট সমাধান চাই’ এবং ‘মাননীয় প্রধানমন্ত্রী, কৃষকদের সার চাই’। তবে প্ল্যাকার্ডধারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
কৃষিনির্ভর রাজশাহী অঞ্চলে ফসলের উৎপাদন অব্যাহত রাখতে সময়মতো সার পাওয়া গুরুত্বপূর্ণ। প্রয়োজনের সময় সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের চাষাবাদের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। জনসভায় প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে কৃষি উপকরণ সরবরাহ নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি সামনে আসে।
এদিকে, একই জনসভা থেকে আখচাষিদের জন্য সরকারি প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টা ৩৮ মিনিটে কম্পিউটারের একটি বাটন চেপে আখচাষিদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশের ১৫টি মিল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ করেছে। এ অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে।
কার্যক্রম উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কম্পিউটারের বাটনে চাপ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই আখচাষিদের হিসাবে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পরে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করে তিনি অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।’’
আখচাষিদের জন্য প্রণোদনা বিতরণের একই অনুষ্ঠানে প্ল্যাকার্ডের মাধ্যমে সারের সংকট সমাধানের দাবি ওঠায় কৃষি খাতে সহায়তার পাশাপাশি কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









