দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইলের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী বাঙালি সাজে ভক্তদের সামনে হাজির হন তিনি।
সম্প্রতি স্নিগ্ধ বাঙালি সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলোর সঙ্গে দেওয়া তার কাব্যিক ক্যাপশনও নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর রূপ ও সাজের প্রশংসা করেছেন।
এর আগে একই সাজে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন জয়া। এবার সেই সাজের কয়েকটি স্থিরচিত্র ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি রঙের কাজ। এর সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ভারী দুল, হাতে অলংকার এবং খোলা চুলে বেলি ফুলের গাজরা তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
ছবিগুলোর বেশ কয়েকটিতে পেছন থেকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। কোথাও চুলে জড়ানো বেলি ফুলের গাজরা দেখিয়েছেন, আবার কোথাও মুচকি হেসে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে।
ছবির ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্ক্তি তুলে ধরেছেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘‘সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে, সে জন পিরিতের কি বেদনা।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









