বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে তপু হাওলাদার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামে নিজ বাড়ির পাশের বাগানে একটি আমগাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তপু ওই গ্রামের মোতালেফ হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে একই গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে উর্মির সঙ্গে তপুর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে উর্মি বাবার বাড়িতে চলে যান। পাঁচ দিন আগে সেখানে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
নবজাতককে দেখতে এবং স্ত্রীকে ফিরিয়ে আনতে সম্প্রতি শ্বশুরবাড়িতে যান তপু। সেখানে আবারও স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর অভিমান নিয়ে বাড়ি ফিরে বৃহস্পতিবার দুপুরে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সূত্রে জানা গেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









