দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ২৯৯ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে মারা গেছেন একজন।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এ বিভাগে ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশন এলাকাসহ মোট ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া এ সময়ে চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









