নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চার নারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মর্তুজা বেগম, রুনা বেগম, শাহনাজ বেগম ও বুশরা বেগম। মর্তুজা বেগম হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা। অন্য তিনজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তাঁরা দীর্ঘদিন ধরে রূপসী এলাকার একটি পরিত্যক্ত স্থানে বসবাস করছিলেন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, হাসপাতালে আসা রোগীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টার সময় স্বজনেরা ওই চার নারীকে হাতেনাতে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আটক চার নারীকে পুলিশের হেফাজতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









