গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইলের মহাসড়কের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে অবরোধ ঘোষণা করেছে কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শ্রমিক বিক্ষোভের কারণে সফিপুর ও মৌচাক এলাকার অন্তত ১৫ টি কারখানা ছুটি দিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিয়াকৈরর এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে৷ পরে ছুটি হওয়া অনন্য কারখানার অনেক শ্রমিকরাও যোগ দিয়েছে আন্দোলনে৷
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরে শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছুঁড়ে। পরে ওই সড়কের অনেক কারখানা পরিস্থিতি শান্ত রাখতে কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেয়। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা এসময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিলে মৌচাক, সফিপুর ও কোনাবাড়ি এলাকার অন্তত ১৫ কারখানা ছুটি দিয়ে দেয়৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা চলছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকাল কালিয়াকৈরের এসেনশিয়াল গার্মেন্টসে আন্দোলন শুরু করে। পরে আশপাশের ১৪-১৫ টি কারখানা ছুটি দিয়েছে। এসকল কারখানার শ্রমিকরা মহাসড়কে রয়েছে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর জন্য শিল্প পুলিশসহ জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন৷


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









