ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না; বরং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “আমরা যাঁকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরে-বেঁধে আনতে হলো না। উনি আসলে উনি বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার, তাই হবে।”
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হবে, সে বিষয়ে উপদেষ্টা বলেন, “উনি দেশে ফিরে আসলে ন্যায়বিচার ফেস করবেন। উনি কোনো মব ফেস করবেন না। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।”
তিনি আরও বলেন, “উনি ন্যায়বিচার করেননি। আমরা ন্যায়বিচার দিয়ে সেটা করব। আসুক, ওনাকে ওয়েলকাম।”
তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন জাহেদ উর রহমান। তাঁর মতে, এ বিষয়ে আলোচনা চলতে থাকবে।
সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টার বক্তব্যে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হবে; কোনো ধরনের বেআইনি পরিস্থিতির মুখোমুখি তাঁকে হতে হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









