রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চসিক নির্বাচন চান মেয়র শাহাদাত

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

চসিক নির্বাচন চান মেয়র শাহাদাত

আদালতের আদেশ মোতাবেক চসিক মেয়রের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত হলেও গণতন্ত্রের জন্য গত ১৬ বছরের সংগ্রামের কথা তুলে ধরে চসিক নির্বাচন চেয়েছেন মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, তফসিল ঘোষণা হলে যদি দল আমাকে প্রার্থী ঘোষণা করে পদত্যাগ করবো। সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটা স্বৈরাচার সরকারের স্বৈরাচারী মেয়রের মেয়াদ শেষ হচ্ছে। ২০২৯ সালের নভেম্বরের ৩ তারিখ আমার মেয়াদ শেষ হবে। দীর্ঘ গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারপরও আমি নির্বাচন চাই।’

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হালিশহর এইচ ব্লকে পার্ক ও ওয়াকওয়ের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন। 

শাহাদাত হোসেন বলেন, ‘আমি অত্যন্ত গণতান্ত্রিক মানুষ। ১৬ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফাইট করে এ পর্যায়ে এসেছি।’ 

মেয়র বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন তা ঐতিহাসিক। ২০২১ সালে হাত পা বেঁধে সাঁতার কাটতে দিয়েছিল। আমার এজেন্ট, নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। ভোট দিতে গিয়ে কেন্দ্রে দেখি মেয়ে এজেন্টদের মেরেছে। পুলিশের সামনে মেরে বের করে দিয়েছে। ভীতিকর পরিস্থিতির নির্বাচন যখন নির্যাতনে পরিণত হয়েছিল তখন আমি ফাইট করেছি। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ২০২১ সালের নির্বাচন আরো ভীতিকর ছিল। ইভিএমে ভোট হয়েছিল, প্রিন্টেড কপি না দিয়ে তারা আমাকে হাতে লিখে রেজাল্ট দিয়েছিল। আমি বলেছি প্রিন্টেড কপি দাও, যদি আমি হারি গ্রহণ করবো। তারা দিতে পারেনি। তাই আমি মামলা করেছিলাম। আমি রোগী দেখছি, হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে। আমার পিএস মারুফ কথা বলতে এসেছিল, তাকেও জেলে ঢুকিয়ে দিয়েছিল। আমি তিন বছর ফাইট করেছি। তারা হার্ডডিস্কসহ সব পুড়িয়ে ফেলেছিল। ইলেকশনের দিন রাতেই নাকি তারা পুড়িয়ে ফেলেছিল।’

মেয়র আরো বলেন, ‘আদালতের রায় এমন ছিল, রেজাউল করিমের আমল সম্পূর্ণ অবৈধ। একটা স্বৈরাচার সরকারের স্বৈরাচারী মেয়রের মেয়াদ শেষ হচ্ছে। ২০২৯ সালের নভেম্বরের ৩ তারিখ আমার মেয়াদ শেষ হবে। এর আগে নয়। তারপরও আমি নির্বাচন চাই। ৪০ বছরের রাজনৈতিক জীবন আমার। ছাত্রদলের সভাপতির পদ দিয়ে রাজনীতি শুরু, আমার জীবনে একটা অনুশোচনা এখনো পর্যন্ত উৎসবমুখর নির্বাচন করতে পারিনি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমিই একমাত্র বাংলাদেশের একমাত্র মেয়র। আদালত আমাকে অর্ডার দিয়েছে ২০২৯ সাল পর্যন্ত। আমি বলছি, নির্বাচন চাই। এখন দায়িত্ব এলজিআরডি মন্ত্রণালয়ের। আমার আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। জনগণের প্রতিনিধি হিসেবে আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক। যে নির্বাচনের প্রতীক্ষা আমি করছি। দল যদি আমাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে, আমি প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, ১৬ বছর জনগণের সঙ্গে খুব ক্লোজলি থেকেছি। জনগণ নির্ধারণ করবে কাকে ভোট দেবেন। তফসিল ঘোষণা হলে যদি দল আমাকে প্রার্থী ঘোষণা করে তাহলে পদত্যাগ করবো।’

চসিক মেয়র বলেন, ‘আমি জনপ্রিয়তা যাচাই করতে চাই। চট্টগ্রাম শহরে ২২ লাখ ভোটার আছে। আমি এখনো জানি না, আমাকে শহরের ২ লাখ মানুষ চায়, নাকি ১০ লাখ। পুরো রাজনীতিতে এটাই হবে আমার প্রাপ্তি, কত লাখ মানুষ আমাকে চায়। অথবা আদৌ চায় কি না। তাই গণতান্ত্রিক পরিবেশে ভোট চাই।’ 

জাহাঙ্গীর/চট্টগ্রাম/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.