সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের দ্বন্দ্বের জেরে মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মুসল্লিরা বাধ্য হয়ে খোলা স্থানে নামাজ আদায় করেছেন। তবে, কে বা কারা তালা মেরেছে তা জানা যায়নি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেঁচিবাড়ি জামে মসজিদের এ ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয়।
বাগবাটি ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পর জামায়াতের লোকজন এককভাবে কমিটি গঠন করে। সে সময় তারা আব্দুল হাই নামে জামায়াত সমর্থিত একজনকে ইমাম হিসেবে নিয়োগ দেন। তাকে নিয়ে মুসল্লিদের অনেক অভিযোগ রয়েছে।’
পেঁচিবাড়ি জামে মসজিদ কমিটির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুল হাইয়ের নামাজ পড়ানো ও কেরাত ভালো হয় না—এমন অভিযোগ তুলে তাকে বাদ দেওয়ার দাবি করা হয়েছিল।’
বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমির মো. ছানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টিকে দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আসলে গ্রামের অভ্যন্তরীণ বিষয়। কোনো দলীয় দ্বন্দ্ব নয়। মসজিদে তালা দেওয়ার ঘটনা নিন্দনীয়।’
সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুর রহমান বলেন, ‘ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা মসজিদ তালা মারা দেখতে পান। পরে তারা থানায় অবগত করা হলে আমরা ঘটনাস্থলে যাই। উপস্থিত জনতাকে কে বা কারা তালা দিয়েছে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারেনি। পরে ইসলামিক ফাউন্ডেশনের লোকজন ও মসজিদ কমিটির লোকদের সহযোগিতায় তালা খুলে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









