বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ১২টি উপজেলা থেকে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, বিএনপি নেতা মো. আকবর আলী, রেজাউল হক ও আব্দুস সাত্তার এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
এ ছাড়া জেলা ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন যুবদল নেতা সুহেল মিয়া, সুজন মাহমুদ, মুনাজ্জির হোসেন, জাহাঙ্গীর আলম, নুর জালাল মন্টি, আজিজুর রহমান সৌরভ, জুলফিকার আলম, মোজাম্মেল হোসেন স্বপন, এনামুল হক, আবু সাঈদ, রিপন হাসান, সৈকত আলম ও রুবেল মিয়া।
বক্তারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড, নারীদের জন্য মহিলা কার্ড এবং খাল খনন কর্মসূচি চালু করেছে বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবিলায় যুবদলের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও তাঁরা ঘোষণা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









