এক হাতে বন্দুক, ঠোঁটের ফাঁকে গোলাপ। চোখেমুখে আগুনঝরা অভিব্যক্তি, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। বিপজ্জনক অথচ রোমান্টিক— দুয়ের মিশেল ধরা পড়ল শাহরুখ খানের নতুন ছবিতে। তার আসন্ন ছবি ‘কিং’র নতুন ঝলক ঘিরে ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির নতুন ঝলক তুলে ধরেছেন শাহরুখ নিজেই। সঙ্গে লিখেছেন, “আজ আবার মনে পড়ল... খুনি নই, আমি একজন প্রেমিক।”
শাহরুখের এই বক্তব্য, ছবিতে তার চরিত্রের দ্বৈত সত্তার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনুরাগীদের একাংশ। একদিকে হিংস্র, নির্দয় ‘অ্যাকশন’, অন্য দিকে প্রেমের কোমল অনুভূতি— দুয়ের মিশেলেই তৈরি হতে চলেছে ‘কিং’।
ছবিটি মুক্তির দিনও ইতোমধ্যে ঘোষণা হয়েছে। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ‘কিং’-এর।
বড়দিনের মৌসুমে একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে বক্সঅফিসে প্রতিযোগিতায় নামতে পারে শাহরুখের এই ছবি। সেই তালিকায় রয়েছে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম ছবি ‘কিং ১০০’।
ফলে ধরে নেওয়া যায় যে, বছরের শেষ সপ্তাহে সিনেপ্রেমীদের জন্য জমজমাট লড়াই অপেক্ষা করছে।

‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। সেই সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জী, অভিষেক বচ্চন, অনিল কাপুর এবং আরশাদ ওয়ারসীকে।
ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ এবং ‘মারফ্লিক্স পিকচার্স’।
শাহরুখ এর আগে তার চরিত্রের অন্ধকার দিকের কথাও জানিয়েছেন। তার মতে, নায়ক ও খলনায়কের মধ্যে স্পষ্ট বিভাজন টানতে তিনি কোনও দিনই আগ্রহী নন। কেরিয়ারের শুরুর দিকে ‘ডর’, পরবর্তী সময়ে ‘ডন’ এবং ‘বাজিগর’ এর মতো ছবিতে নেতিবাচক ছায়া থাকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কিং’-এও সেই ধূসর চরিত্রের আভাস মিলতে পারে।
নতুন ঝলকে শাহরুখের হাতে বন্দুক, অথচ ঠোঁটে গোলাপ দেখা গিয়েছে। এই বৈপরীত্যই ছবির প্রচারে বাড়তি মাত্রা যোগ করেছে। তবে তার চরিত্রের প্রকৃত রহস্য জানতে অপেক্ষা করতে হবে ছবির পরবর্তী ঝলক এবং মুক্তির জন্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









