ইথিওপিয়ার সংঘাতকবলিত ওরোমিয়া অঞ্চলে গত এক সপ্তাহে দুটি আলাদা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ।
চার্চ কর্তৃপক্ষ জানায়, নিহতরা সবাই খ্রিষ্টান। তবে তারা কীভাবে মারা গেছেন বা হামলার পেছনে কারা ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওরোমিয়া আঞ্চলিক সরকার এবং উত্তরাঞ্চলীয় তিগ্রাই অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত একটি বিদ্রোহী জোটের সঙ্গে যুক্ত একটি সূত্র হামলার দায় পরস্পরের ওপর চাপিয়েছে।
ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চের হোলি সিনড জানায়, ২০ অক্টোবর মের্তি ওরেদায় ১৪ জন এবং ২৪ অক্টোবর শেরকা ওরেদায় ৪৬ জন নিহত হয়েছেন।
সোমবার প্রকাশিত চার্চের বিবৃতিতে আরও বলা হয়, ২০টির বেশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ২০ জনের বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
আঞ্চলিক সরকার বলেছে, ধর্মীয় সংঘাত উসকে দেওয়ার চেষ্টায় বিদ্রোহী জোট এই হামলা চালিয়েছে। তবে এর পক্ষে কোনও প্রমাণ তারা দেয়নি।
বিদ্রোহী জোটের সঙ্গে যুক্ত সূত্রটি বলেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে ওরোমিয়া আঞ্চলিক সরকার। দুজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথোপকথনের বরাত দিয়ে তারা এ কথা বলে।
ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) বিদ্রোহী গোষ্ঠীকে আঞ্চলিক সরকার অর্থোডক্স খ্রিষ্টানদের ওপর আগের হামলার জন্যও দায়ী করেছে। তবে মন্তব্যের অনুরোধে গোষ্ঠীটি তাৎক্ষণিক সাড়া দেয়নি।
ওএলএ সাতটি সশস্ত্র গোষ্ঠীর একটি, যারা গত মাসে ঘোষণা দিয়েছিল যে তারা প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারকে উৎখাতের লক্ষ্যে একটি জোট গঠন করেছে।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









