কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বাসমতি চাল ও ফুচকাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলার কোতোয়ালি থানার আওতাধীন কটকবাজার বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া কাজীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে ওই স্থান থেকে একটি পিকআপসহ বিপুল পরিমাণ বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা। পরে জব্দ করা মালামাল বিধি অনুযায়ী থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









