পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ রক্ষা অভিযানে জব্দ চারটি নৌকা ও ছয়টি ট্রলার প্রকাশ্য নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ নিলাম অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে পায়রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ছয়টি ট্রলার ও চারটি নৌকা জব্দ করা হয়। পরে সরকারি নিয়ম অনুযায়ী এসব নৌযান প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ খায়রুল চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে নিলাম কার্যক্রম পরিচালিত হয়।
মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা-ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীতে নিয়মিত অভিযান চালানো হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল ও মাছ ধরার নৌযান জব্দ করা হয়।

উল্লেখ্য, মা-ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুমকির পায়রা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









