‘হাতধোয়ার নায়ক হন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবারও চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান।
তিনি বলেন, ‘‘সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া একটি সহজ ও কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস। এ অভ্যাসের মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি কমানো যায়। তাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘‘স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়া শেখাতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও এ বিষয়ে সচেতন করতে হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। খাবার খাওয়ার আগে ও খাবার তৈরির সময়, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার পর ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









