সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই নিহত হন তার চাচাতো ভাই মতিউর রহমান (৫০)। নিহত দুজনই উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আলমগীরের সঙ্গে একই গ্রামের আবুল কাশেমের জমিতে পানি সেচ ও মাছ ধরা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে পরদিন মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মুজিবুর রহমান ও আতাউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মুজিবুরের মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এক পুরুষ ও তিন নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









