নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় মাদক কারবারিদের আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে মাদক নির্মূল কমিটি। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি মহল্লায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় পুবালী স্কাউট বিজ্ঞান ক্লাবে অনুষ্ঠিত মাদক নির্মূল কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির আহ্বায়ক এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব সেকেন্দার আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা।
সভায় মাদক নির্মূল কমিটির অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শহরে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হওয়ার পর বিভিন্ন মহল থেকে মাদক কারবারিদের পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাদক নির্মূলের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
তবে মাদকবিরোধী অভিযানের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট কিংবা আইন নিজের হাতে তুলে নিলে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও সভায় মত দেন বক্তারা।
সভায় মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সভা-সমাবেশ, র্যালি ও লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রতিটি মহল্লায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাদক নির্মূল কমিটির আহ্বায়ক এরশাদ হোসেন পাপ্পু বলেন, ‘‘মাদকমুক্ত সৈয়দপুর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক কারবারিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে সব কার্যক্রম অবশ্যই আইনসম্মতভাবে পরিচালিত হতে হবে।’’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, ‘‘মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আমরা চলতি অক্টোবর মাসেই মাদকবিরোধী অভিযানে ৭২ জন মাদক কারবারি ও মাদকসেবীকে আইনের আওতায় আনতে পেরেছি। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









