মিরপুর টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতায় খেলা দুবার বন্ধ হওয়ায় সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে দিন শেষ করতে হয়েছে সাদমান ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বুধবার প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান। অন্য প্রান্তে ১০ রান নিয়ে ব্যাট করছেন লিটন কুমার দাস।
দিনের শুরুতে পেসারদের গতি ও সুইংয়ে চাপে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। পরে স্পিনাররাও উইকেট থেকে টার্ন আদায় করেন। প্রথম সেশনেই দুই টপঅর্ডার ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ২ উইকেটে ৯৬ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।
শুরুতে ৯ রানে প্রথম উইকেট হারায় দল। জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। ৭ রান করে ফেরেন তিনি।
এরপর সাদমান ও মুমিনুল হক মিলে ৫৯ রানের জুটি গড়েন। তবে ধৈর্য হারিয়ে মিড-অফের ওপর দিয়ে বল উড়িয়ে মারতে গিয়ে শামার জোসেফের হাতে ক্যাচ দেন মুমিনুল। ৫১ বলে ২৮ রান করে ফেরেন তিনি।
মধ্যাহ্নবিরতির পর পঞ্চম ওভারেই ৯৫ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন সাদমান। পাঁচটি চার মেরে ইনিংসটি সাজান এই বাঁহাতি ওপেনার।
তবে এর পরের ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। জোমেল ওয়ারিকানের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে আম্পায়ার আউট না দিলেও ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নিলে দেখা যায়, বল মিডল-লেগ স্টাম্পে আঘাত করত। ৪২ বলে ১৬ রান করে ফেরেন শান্ত। তখন বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান।
চতুর্থ উইকেটে সাদমানের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়। দুজনই সতর্কভাবে ব্যাটিং করছিলেন। হৃদয় ব্যক্তিগত ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাদমান।
সাদমানের সামনে ছিল প্রথম দিনেই টেস্ট ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি পূর্ণ করার সুযোগ। কিন্তু আলোকস্বল্পতার কারণে দুবার খেলা বন্ধ হয়। প্রথমবার ৫০ মিনিট বিরতির পর খেলা শুরু হলেও মাত্র চার ওভার মাঠে গড়ায়। পরে আবারও আলো কমে গেলে আম্পায়াররা দিনের খেলা শেষ ঘোষণা করেন।
ফলে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাদমান। লিটন দাস অপরাজিত আছেন ১০ রানে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় আবারও ব্যাটিংয়ে নামবেন এই দুই ব্যাটার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









