রাজধানীর মিরপুর-১ গোল চত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। একই এলাকায় বিকেল ৫টায় দ্বিতীয় দফায় অভিযান চালানোর কথা রয়েছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
অভিযান চলাকালে প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে ফুটপাত দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সড়ক দিয়ে মানুষ হাঁটবে এবং যানবাহন চলাচল করবে। কিন্তু রাস্তা ও ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে।
তিনি বলেন, ডিএনসিসির পক্ষ থেকে ১০ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইভাবে ধাপে ধাপে অন্যান্য এলাকার ফুটপাতও দখলমুক্ত করা হবে। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান বসিয়ে রাখা যাবে না।
ডিএনসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টায় মিরপুর-১ গোল চত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হবে। এ সময়ও প্রশাসক উপস্থিত থেকে ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম তদারকি করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









