ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন ওপেনার সাদমান ইসলাম। তার ব্যাটিংয়ের প্রশংসা করে দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, সাদমান উইকেটের আচরণ ভালোভাবে বুঝতে পেরেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, পুরো ইনিংসে সাদমান খুব বেশি শট খেলেননি। কঠিন সময়গুলো সামলে নিজের নিয়ন্ত্রণে থেকে ব্যাটিং করেছেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘‘সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে। ৫০-৬০ রানের ইনিংস অনেক খেলেছে, ইদানীং লম্বা হচ্ছিল না। সে নিজেকে নিয়ে কাজ করছে।’’
সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে সাদমানের দিন শেষ হওয়ায় পুরো দলই উদ্বিগ্ন ছিল বলে জানান ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ। তার মতে, টেস্ট ক্রিকেটে সাদমানের সেঞ্চুরির সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল।
তিনি বলেন, ‘‘আমরা পুরো দলই আসলে নার্ভাস। আমরা সবাই চাচ্ছিলাম সেঞ্চুরিটা হয়ে যাক। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। এই ইনিংস তাকে পরবর্তীতে অনেক সহায়তা করবে।’’
দিনের প্রথম সেশনে মুমিনুল হকের উইকেট হারানো নিয়েও কথা বলেন সালাউদ্দিন। একই ধরনের ভুল বারবার করলে সেখান থেকে বের হওয়ার উপায় ব্যাটারকেই খুঁজে বের করতে হবে বলে মনে করেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘‘যখন প্রতিবার একই ভুল করবেন, কোনো না কোনো সমস্যা আছে। ওকে নিজেকেই বের করতে হবে কীভাবে এখান থেকে বের হয়ে আসবে। বলটা খুব কাছে ছিল। আরেকটু দূরে থাকলে ওপর দিয়ে চলে যেত।’’
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। সাদমান ৯৯ এবং লিটন কুমার দাস ১০ রানে অপরাজিত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









