গুপ্ত ও স্বৈরাচার একই কাতারে দাঁড়িয়ে একই রকম কথা বলছে। তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলা যুবদল আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, বাংলাদেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২১৪টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। কারও রক্তচক্ষুকে ভয় পাওয়ার জন্য নয়, বরং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা চায় সরকার। তবে কেউ রক্তচক্ষু দেখালে তাদেরও ছাড় দিয়ে কথা বলা হবে না।
তিনি আরও বলেন, তারেক রহমান ত্যাগের মাধ্যমে দেশকে সুন্দরভাবে পরিচালনা করছেন। বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে। এ সময় তিনি ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ এবং ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান সামনে রাখার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সিনিয়র সহসভাপতি বাবু জহরলাল সাহা, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মিজানুর রহমান স্বপন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









