কোমলমতি শিক্ষার্থীরা ডিজিটাল প্রতারণার ঝুঁকিতে রয়েছে। তাই ডিজিটাল মাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
বুধবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংরবাটি উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার সুরক্ষা ও ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ এ কর্মশালার আয়োজন করে।
শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, মাদক নানা অপরাধের অন্যতম কারণ। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নষ্টের অন্যতম কারণ। মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অথবা নিকটস্থ থানায় জানাতে হবে।
আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে গৌতম কুমার বিশ্বাস বলেন, পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং কিংবা মানসিক কষ্টের কারণে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া যাবে না। হতাশা বা মন খারাপ হলে পরিবারের সদস্য, শিক্ষক, বন্ধু কিংবা পুলিশের সঙ্গে কথা বলতে হবে। আত্মহত্যা কোনো সমাধান নয়।
কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অন্যান্য শিক্ষক বক্তব্য দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









