নীলফামারীর সৈয়দপুরে মাদক কারবারিদের উচ্ছেদ, তাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাদকবিরোধী নাগরিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানা, নেত্রী হামিদা খাতুন, নেসার, রিয়াজ, আসগার, জরিনাসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, গোলাহাট এলাকায় মাদকের বিস্তারের পাশাপাশি বেড়েছে মাদক কারবারিদের আশ্রয়দাতাদের তৎপরতা। তাঁদের অভিযোগ, মাদক কারবারিদের কাছ থেকে সাপ্তাহিক তিন থেকে পাঁচ হাজার টাকা নিয়ে কেউ কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। অন্যদিকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সচেতন নাগরিকদের মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলা কোনো অপরাধ নয়; বরং সুস্থ সমাজ গঠনে প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। প্রতিবাদী কণ্ঠকে হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। মাদক কারবারি ও তাঁদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তারা ‘কাল্টি’ নামে পরিচিত গোলাহাটের এক নারীর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁদের অভিযোগ, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের তৎপরতায় এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে, বাড়ছে পারিবারিক অশান্তি এবং নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। তাই শুধু মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করলেই হবে না, তাঁদের আশ্রয়দাতা ও নেপথ্যে জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এ সময় মাদক নির্মূলে প্রশাসনের চলমান কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তাঁরা। পাশাপাশি মাদকবিরোধী অভিযানের নামে সাধারণ মানুষ যেন হয়রানি বা লুটপাটের শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাত পর্যন্ত চলে। কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গোলাহাটের কথিত মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে সর্বস্তরের জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে মাদকবিরোধী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তাঁদের দেওয়া হুমকির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









