গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবমারসিবল পানির পাম্পের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাড়ী বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী কামরুল শেখের দোকানের সামনে গ্যাস বের হওয়ার ঘটনাটি দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
ব্যবসায়ী কামরুল শেখ জানান, মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে তাঁর দোকানের পাশে ২৮০ ফুট গভীরে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন। গত এক সপ্তাহ ধরে পাম্পটি দিয়ে আগের তুলনায় কম পানি উঠছিল। এর কারণ খুঁজতে গিয়ে একপর্যায়ে তিনি পাইপের মুখে গ্যাস লাইট দিয়ে আগুন ধরালে আগুন জ্বলতে দেখেন।
বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। স্থানীয়দের অনুরোধে কয়েক দফায় পাম্প চালিয়ে পাইপের মুখে আগুন জ্বলার বিষয়টি দেখানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাটির নিচে সত্যিই গ্যাসের মজুত থাকলে তা এলাকার মানুষের জন্য সম্ভাবনাময় হতে পারে। তাই বিষয়টি নিশ্চিত করতে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পানির পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে পাইপ দিয়ে বের হওয়া গ্যাসের প্রকৃতি ও ভূগর্ভে গ্যাসের মজুত রয়েছে কি না, তা এখনো বিশেষজ্ঞ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









