সীমান্ত এলাকায় মানব পাচার, পুশ-ইন, ভারত থেকে অবৈধভাবে গরু ও সুপারি পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর উদ্যোগে বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন ২৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা। তিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু ও সুপারি পাচার রোধে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেন।
সভায় আন্তর্জাতিক সীমান্ত ও জিরো লাইনের আশপাশে অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল, মানব পাচার, পুশ-ইন কিংবা গরু ও সুপারি চোরাচালানের কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









