অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কেউ এ সহায়তার বাইরে থাকলে আবেদন করলে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানো হচ্ছে। পাশাপাশি এলাকার উন্নয়ন ও আর্থিক সহায়তার পরিমাণও বাড়ছে। তৃণমূলের মানুষের কাছে এসব সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভবিষ্যতে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান সফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদসহ অন্যরা।
চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্যের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









