গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার আনোয়ারুল ইসলাম (৩৮) ওই এলাকার আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল রবিবার রাত সোয়া ১১টার দিকে মাদক কারবারি আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষে কাঠের তৈরি শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার আটশত ৫০ পিস (প্রতি পাতায় ১০টি করে মোট ২৮৫ পাতা) নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এসময় মাদক কারবারি আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ১ দশমিক ১৯৭ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









