নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এ সময় তার অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়বস্তু সামনে এনে সীমান্তকেন্দ্রিক চোরাচালান ও অপরাধী চক্রের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের দাবি জানানো হয়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক ননী গোপাল সরকার, বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ ও উপদেষ্টা ইকবাল হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা জানান, আলিফ ফকিরের পরিচালিত ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের ফেসবুক পেজে দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক অপরাধ, চোরাচালান, মাদক ও অস্ত্রসংক্রান্ত প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়েছে। বিশেষ করে দুর্গাপুর-ধোবাউড়া-হালুয়াঘাট সীমান্তপথে অবৈধ পণ্য পরিবহন ও সংশ্লিষ্ট চক্রের তৎপরতা নিয়ে তিনি অনুসন্ধান করতেন। হত্যাকাণ্ডের আগের দিনও অপরাধের এক ‘গডফাদারের’ তথ্য-প্রমাণ প্রকাশের ঘোষণা দিয়েছিলেন তিনি।
এ ছাড়া প্রকাশিত সংবাদ অনুযায়ী, হত্যাকাণ্ডের প্রায় ১১ মাস আগে নিজের নিরাপত্তা নিয়ে নেত্রকোনার পুলিশ সুপারের কাছে উদ্বেগ জানিয়েছিলেন আলিফ। সীমান্ত এলাকার অপরাধী চক্রের তৎপরতা ও প্রাণনাশের আশঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। এর আগে তার ওপর হামলার ঘটনাও ঘটেছিল।
বক্তারা এসব বিষয় বিবেচনায় নিয়ে আলিফের প্রকাশিত প্রতিবেদন, ভিডিও, হত্যার আগে পাওয়া হুমকি এবং নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ তদন্তের আওতায় আনার দাবি জানান। তবে চোরাচালান নিয়ে অনুসন্ধানের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে, এমন কোনো তথ্য এখনো নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তার স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে থানায় মামলা করেন। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধন থেকে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উন্মোচন, নেপথ্যের পরিকল্পনাকারীসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









