ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে ভেলকিবাজি করে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না করলে সরকারকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখাবে জনগণ বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘‘এ দেশের মানুষের অধিকার আদায়, শতকরা ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের দেওয়া রায়ের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে।’’ এই আন্দোলনে জনগণ যেভাবে সংহতি জানিয়েছে, আগামী দিনেও একইভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।
সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘‘আমরা এই কার্ডের সরকারকে বলে দিতে চাই, শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা যদি বন্ধ না করা হয়, জনগণ চূড়ান্তভাবে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছে।”
তিনি আরও বলেন, ‘‘আন্দোলনকারীদের প্রস্তুত থাকতে হবে। সময়মতো কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।’’
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









