তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর বাছাই পর্ব। ১০টি ইভেন্টে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৩ জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাসুক মিয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শ্যামল চৌধুরী, প্রতিযোগিতার ইউনিয়ন সদস্য সচিব ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, ইউপি সদস্য জাহিদুল ইসলাম ও আয়োজক কমিটির সদস্য শরিফুল ইসলাম।

এ ছাড়া ইউপি সদস্য আজির উদ্দিন, জাহাঙ্গীর আলম সুমন, ছালিক মিয়া ও সাদেক মিয়া, মহিলা ইউপি সদস্য কুহিনূর বেগম, আয়োজক কমিটির সদস্য মিয়া সাইফুল, শামসুল ইসলাম ও শামীম আহমদ এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের এ প্রতিযোগিতায় ১১ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। ইউনিয়ন পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে নেওয়াই এ আয়োজনের লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









