গত আট মাসে বিএনপি প্রতিনিয়ত জনসমর্থন হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তার দাবি, এ সময়ে দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা বেড়েছে, পাশাপাশি লাগামহীনভাবে বেড়েছে দ্রব্যমূল্য।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট থাকলেও বর্তমানে তারা সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন। এই জোট এখনো অব্যাহত রয়েছে। তবে স্থানীয় নির্বাচনে দুই দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে জামায়াত তাদের মতো করে এবং এনসিপি নিজস্ব প্রতীকে ও অবস্থান থেকে নির্বাচন করবে। এ সিদ্ধান্তের অংশ হিসেবেই ঢাকার দুই সিটি করপোরেশনে নাসির উদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে। কোনো ধরনের সমঝোতার উদ্দেশ্যে তাদের প্রার্থী করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সারজিস আলম আরও বলেন, গত আট মাসে দেশে সুশাসনের অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে জনগণ বিকল্প শক্তি হিসেবে এনসিপিকে বেছে নেবে বলে তারা বিশ্বাস করেন। জনগণের পক্ষে সেই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সাংবাদিক মোশাররফ হোসেনের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন এবং পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









