ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের জেরে দুই জেলায় অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। দুপুরের দিকে সাভারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। পরে শিল্প পুলিশের অনুরোধে তারা সড়কের পাশেই অবস্থান নেন।
শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রপিক্যাল নামের একটি পোশাক কারখানার ঝুটের গোডাউনেও অগ্নিসংযোগ করা হয়। শ্রমিকদের বাধার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

কালিয়াকৈরের রতনপুর এলাকায় করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। তাদের বিক্ষোভের জেরে আশপাশের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। শ্রমিক আন্দোলনের কারণে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করা শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের কেউ দাবিদাওয়া নিয়ে কথা বলছেন না। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









