কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন ওই এলাকার শহিদুলের স্ত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী প্রতিপক্ষের সঙ্গে নাসিমাদের বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের হুমকি-ধমকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে মসজিদপাড়া এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় বাধা দিতে এগিয়ে গেলে নাসিমা খাতুনকে অভিযুক্ত আকরাম ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তার পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাসিমাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









