কুষ্টিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের এনএস রোডে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত।
বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল ও জামায়াত-শিবিরের একটি চক্র দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তারা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাইদুর রহমান, মোকাদ্দেস হোসেন, গোলাম রসুল ভাদু, খন্দকার আশাদুজ্জামান খোকন ও জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবেন। যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা সজাগ রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









