ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সোমবার (২ নভেম্বর) সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, ‘‘ধর্মীয় বিভেদ ও সংঘাতের পরিবেশ তৈরি হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর সুবিধা নেয় স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে।’’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সমাজে সংঘাত সৃষ্টি হলে তার সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। অথচ যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন তৈরি করেন, তারাই শেষ পর্যন্ত এর সুবিধা ভোগ করেন। এ ধরনের সুবিধাবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে।’’
তিনি বলেন, ‘‘একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ধর্মীয় স্বাধীনতা এবং পারস্পরিক সম্প্রীতি অপরিহার্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালনের অধিকার নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব শুধু রাষ্ট্র বা প্রশাসনের নয়; রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ এবং ধর্মীয় নেতাদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’’
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংলাপ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘‘বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। পারস্পরিক ভুল-বোঝাবুঝি দূর করে সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারলেই বিভেদ ও সংঘাতের পথ বন্ধ হবে।’’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারকে সম্প্রীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উসকানি সৃষ্টি এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। যাচাই না করে কোনো তথ্য প্রচার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে ব্যক্তি ও সামাজিক পর্যায় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’’
বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট ও পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









